নিজস্ব প্রতিবেদক:
ধর্ম অবমাননার নামে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর গ্রামে হিন্দুদের বাড়ী-ঘরে বর্বরোচিত সাম্প্রদায়িক হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন রংপুর মহানগর নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর নেতৃত্বে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নীপেন্দ্রনাথ রায়,শ্রমিক নেতা আমিন উদ্দিন বিএসসি, রাজনীতিক সাব্বির আহমেদ, আব্দুল হামিদ বাবু,আলোকচিত্রী ফিরোজ চৌধুরী, নারীনেত্রী বীথি রানী দাস নন্দিনী, সংগঠক মেহেদী হাসান,রেদোয়ান ফেরদৌস, সবুজ রায়,হিরালাল বর্মন,স্বপন রায় প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন,এই ঘটনার পর হিন্দু পরিবারগুলোর মধ্যে চরম ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এক কিশোর ছেলের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর দাবি করেছে এটা ফেইক পোস্ট। পুলিশ সেই কিশোরকে গ্রেফতার করার পরও কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল জনতা এই ঘটনা ঘটায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
নেতৃবৃন্দ আরো বলেন,জুলাই অভ্যুত্থান পরও পূর্বের ন্যায় গায়ের জোরে ভিন্ন মতের উপর আক্রমণের ফ্যাসিবাদী সংস্কৃতির অবসান হয়নি। উপরন্তু নানান ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে, ট্যাগ দিয়ে মাজারে হামলা হচ্ছে, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, নারী নিপীড়নের ঘটনা ঘটেছে, বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে বাঁধা দেওয়া হয়েছে। এসব ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা নিচ্ছে না। এর দায় সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। এর মাধ্যমে বাস্তবিক অর্থে নিপীড়কদেরকেই শক্তিশালী করা হচ্ছে।
নেতৃবৃন্দ, সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচার,আহতদের সুচিকিৎসা, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ এবং নিরাপত্তা বিধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
সেইসাথে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী উগ্র-ধর্মান্ধ গোষ্ঠীর অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান।