পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ধসে রোগী আহত  আতঙ্কে রোগীরা

2026-03-02 15:38:59

পীরগাছা ( রংপুর)  প্রতিনিধি :

রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ধসে, রিমা আক্তার (২০) নামের এক রোগী আহত হয়েছেন। এ ঘটনায় মাথায় এবং হাতে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন বলে জানান তিনি। 

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।  পলেস্তরা ধসে আহত রোগী রিমা আক্তার  উপজেলার চৌধুরানী মিড়াপাড়া গ্রামের মো.রকিজল মোল্লার মেয়ে। তিনি অভিযোগ করে বলেন, ছাদ ধসে আহত হয়েছি কিন্তু হাসপাতাল কতৃপক্ষের কেউ এসে খবর নেয়নি। নরমালী ডাক্তাররা আন্তরিক নয়!

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কেউই ঘটনাস্থলে না যাওয়ায় এবং বিষয়টিতে কোনো গুরুত্ব না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা।

চিকিৎসাধীন বায়জীদ আহমেদ (৫) এর মা বিউটি বেগম বলেন, ছেলের টাইফয়েড হয়েছে তিনদিন হাসপাতালে আছি। আজ সকালে হঠাৎ পলেস্তরা ধসে ছেলের চোখে পড়েছে! বর্তমানে খুব আতঙ্কে আছি কখন জানি কোন দুর্ঘটনা ঘটে। টাইফয়েডের ইনজেকশন বাইরে থেকে কিনতে বলায়  ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

উপজেলার সাতদরগাহ থেকে আসা আবু বক্কর সিদ্দিক (৬৫) বলেন, আমার স্ত্রী খাদিজা অসুস্থ তাকে নিয়ে হাসপাতালে এসেছি, কিন্তু এখানে চিকিৎসার সেবার মান ও হাসপাতালের পরিবেশ খুব বাজে। বারংবার বলেও আমরা একটা বেড সীট পাইনি।

উপজেলার পারুল থেকে আসা রোগীর স্বজন জহুরুল হক, বলেন, চিকিৎসাধীন অসুস্থ আত্নীয়কে দেখতে এসেছি, হঠাৎ ছাদ ধসে পরায় খুব ভয় পেয়ে গেছি। ঘটনার সাথে সাথেই আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা।   

হাসপাতালের কর্তব্যরত সেবিকা (নার্স) শিউলী বেগম বলেন আমাদের রুমেরও বেহাল অবস্থা, আমরা প্রত্যেক মুহুর্তে আতঙ্কে থাকি, পুরো বিল্ডিং পুরনো আপনাদের মাধ্যমে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে নার্সের রুমে গিয়ে দেখা যায় বীমে ব্যপক ফাটল ধরেছে। 

দ্বায়িত্বরত চিকিৎসক ডা.রাশিদা আক্তার রেশমা  বলেন, ভবনটি পুরনো ছাদের কিছু অংশ ধসে একজন রোগীর শরীরে পড়ে তিনি মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতালের অভ্যন্তরে ময়লার ভাগাড় ও বেওয়ারিশ কুকুরের বিষয় জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন আপনারা কুকুর মারেন না কেন? রোগী বেশী হওয়ায় হাসপাতালের ভিতরেই ময়লা ফেলা হয়। আমাদের কিছুই করার নাই। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর হাসনাত রবিন, ছাদ ধসে আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবনটি পুরনো তাই এই দুর্ঘটনা ঘটেছে। আমি উর্ধতন কতৃপক্ষকে বিষয়টি অবগত করবো। হাসপাতালের ভিতরে ময়লার ডাস্টবিনের ব্যাপারে তিনি বলেন বিষয়টি আমার নজরে এসেছে ব্যবস্থা গ্রহণ করা হবে।