হিলিতে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

2026-02-04 07:27:53

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সবগুলো বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ ছিলো, পরে দুই ঘন্টা পর আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ শনিবার সকাল ৮ টায় হিলির ডাংগাপাড়া-সাতকুড়ি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

হিলি রেল স্টেশনের স্টেশন মাস্টার জয়ন্ত কুমার চক্রবর্তী বলেন, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায়। বগি ছাড়াই ইঞ্জিনটি হিলি রেলস্টেশনে পৌঁছায়। পরে বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায়।

তিনি  আরো জানান, বগিগুলোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কোন যাত্রী হতাহত হয়নি। পরে বরেন্দ্র ট্রেনটি বেলা ১২ টায় রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়।