উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে প্রসবজনিত ফিস্টুলা রোগী শনাক্তকরণ ক্যাম্পেইন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে রামদাস ধনিরাম (মাঝিপাড়া) এলাকায় এ বৈঠক হয়।
উঠান-বৈঠকে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিম।
তিনি বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি মর্মান্তিক নারী স্বাস্থ্য সমস্যা। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ, বাল্যবিবাহ রোধ ও সন্তান জন্মদানে উপযুক্ত বিরতি বজায় রাখলে এ রোগ প্রতিরোধ সম্ভব।
জানা গেছে, ক্যাম্পেইন চলাকালে মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য রোগী শনাক্ত করবেন। সন্দেহভাজন রোগীদের কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে পরীক্ষা করা হবে এবং নিশ্চিত রোগীদের উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ফিস্টুলা সেন্টার (ঢাকা মেডিকেল)-এ রেফার করা হবে। সেখানে যাতায়াত ব্যয়সহ বিনামূল্যে চিকিৎসা ও দরিদ্র রোগীদের পুনর্বাসন সহায়তা প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি)-এর কারিগরি সহায়তায় ১৫ দিনব্যাপী এ ক্যাম্পেইন শুরু হয়। ফিস্টুলামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে উলিপুর উপজেলায় এ কার্যক্রম চালু করা হয়েছে।
উঠান-বৈঠকে এফপিআই, এফডব্লিউভি, এফডব্লিউএগণসহ স্থানীয়রা নারীরা উপস্থিত ছিলেন।