নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত এ মাহফিলে জামায়াতে ইসলামীর নেতাকর্মী সমর্থক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী।
প্রধান অতিথির বক্তব্যে রায়হান সিরাজী বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই পবিত্র মাস আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। সমাজে ন্যায় ও ইনসাফভিত্তিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপস্থিত সকলের উদ্দেশে তিনি আরও বলেন, ভোট শেষ হয়ে গেছে। আমরা সবাই এখন রংপুর ১ আসনের উন্নয়নে একসঙ্গে কাজ করব। ব্যক্তি বা দলীয় বিভাজন নয়, এলাকার সার্বিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও উল্লেখ করেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং নৈতিক নেতৃত্ব অপরিহার্য। এ ধরনের ইফতার ও দোয়া মাহফিল পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামী ও দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য দেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।