উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি'র সৌজন্যে রোগি বহনের জন্য তিনটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বেলা ১১ টায় কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর উদ্যেগে হুইলচেয়ার তিনটি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য স্যানিটারি অফিসার জয়নুল আবেদীন, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর এ্যাডভোকেট কামাল কবির লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, এখন থেকে আগত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে প্রতিবন্ধী, বয়স্ক ও চলাচলে অক্ষম রোগীদের কষ্ট লাঘবে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হুইলচেয়ার তিনটি পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সংসদ সদস্যের এই উপহার পেয়ে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, নতুন হুইলচেয়ারগুলো রোগিদের চলাচল সহজ করবে এবং জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে সেবা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এর আগে সংসদ সদস্য হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবার মান, রোগীদের অবস্থা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। তিনি রোগিদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং সেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।