রাজারহাটে হঠাৎ শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

2026-03-15 19:32:17

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠের ফসল ও গাছের মুকুল নিয়ে উদ্বেগে পড়েছেন কৃষকরা। শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ৮টার দিকে বৃষ্টির সঙ্গে আকস্মিকভাবে এ শিলাবৃষ্টি শুরু হয়। তবে তা দীর্ঘস্থায়ী না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীরা জানান, কয়েক মিনিটের এই শিলাবৃষ্টিতে আম, সবজি ও বোরো ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বিশেষ করে গাছে থাকা আমের মুকুল কিছুটা ঝরে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের কৃষক সুনিল রবিদাস বলেন, হঠাৎ সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। যদিও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি, প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো হয়েছে। শিলাবৃষ্টি দেখে খুব ভয় পেয়েছিলাম। যদি এটি আরও কিছুক্ষণ চলতো, তাহলে আমার ফসলের বড় ধরনের ক্ষতি হতে পারতো। ইতোমধ্যে অনেক আমের মুকুল ঝড়ে গেছে। এতে কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে।

এদিকে স্থানীয় কৃষকদের অনেকেই জানিয়েছেন, বর্তমানে মাঠে বোরো ধান, ভুট্টা ও বিভিন্ন সবজি রয়েছে। এ সময় শিলাবৃষ্টি হলে এসব ফসলের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, মৌসুমি পরিবর্তনের কারণে এ সময় হঠাৎ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপজেরা কৃষি বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন।