উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ রউফ সাময়িক বরখাস্ত

2026-04-08 04:12:11

রংপুর প্রেসক্লাবের টাকা আত্মসাতের মামলায়

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে রংপুর প্রেসক্লাবের ভবন নির্মাণের প্রায় ২৯ লাখ টাকা আত্মসাতের ঘটনায় অধ্যক্ষ আব্দুর রউফ সরকারকে সাময়িক বরখাস্ত করেছে উত্তর বাংলা কলেজের গভর্নিং বডি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক একেএম মনসুরুল আলমকে। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন উত্তর বাংলা কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. শফিকুল ইসলাম নন্তু। তিনি রংপুর প্রেসক্লাবের সদস্য হিসেবে কোষাধ্যক্ষ থাকালীন ওই টাকা আত্মসাত করেন বলে মামলার চার্জশিটে বলা হয়েছে।

অভিযোগ রয়েছে আব্দুর রউফ সরকার রংপুর নগরীর লালকুঠি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ থাকালীন তার বিরুদ্ধে নানা আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি রংপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক হিসেবে। এর পরে তিনি লালমনিরহাট জেলার কাকিনায় উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। সেখানে এক কলেজ শিক্ষিকার সাথে তার অশালীন আচরণেরও অভিযোগ রয়েছে।

তিনি গত রোববার রংপুর প্রেসক্লাবের টাকা আত্মসাতের মমলায় রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে করাগারে পাঠায়। আদালত সূত্র জানায়, রোববার রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে বিচারক মো. রফিকুল ইসলামের আদালতে তিনি জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

মামলার বাদী রংপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রেজাউল ইসলাম বাবুর দায়েরকৃত মামলার অভিযোগে জানা যায়, আব্দুর রউফ সরকার দৈনিক জনকণ্ঠ পত্রিকার রংপুর প্রতিনিধি থাকাকালীন ৭ ডিসেম্বর ২০২০ তারিখ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত রংপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ছিলেন, একই সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন মাহিগঞ্জ কলেজের শিক্ষক ও মাছ রাঙা টেলিভিশনের রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সরকার। তারা দু’জনের নাম স্বাক্ষরে রংপুর প্রেসক্লাব ভবনের চতুর্থ ও পঞ্চম তলার নির্মাণ কাজের জন্য ১,০ ৩,৫১,৩৫২ টাকা (অংশিক) নির্মাণ ব্যয়ের হিসাব প্রেসক্লাবের পরবর্তী কিমিটির নিকট দাখিল করেন। এটি ছিল মোট প্রায় আড়াই কোটি টাকা নির্মাণ ব্যয়ের আংশিক হিসেবের অডিট।

যে সময়ে তার এই টাকা আত্মসাতের অডিট করা হয় সে সময়ের প্রেসক্লাবের সভাপতি ছিলেন যুগান্তর রংপুর ব্যুরো প্রধান মাহবুব রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন দৈনিক করতোয়ার রংপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পী। তিনি দায়িত্ব নেয়ার পরে বুঝতে পারেন বিপুল পরিমাণ টাকার কোন হদিস নেই। পরে তিনি এই কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক উক্ত নির্মাণ ব্যয় সংক্রান্ত হিসাব অভ্যন্তরীণ ৩ দফা অডিট করেন। পরে তা ক্লাবের সিদ্ধান্ত মতে আরও অধিকতর অডিট করা হয় জেলা সমবায় ও বিভাগীয় অডিট এন্ড একাউন্টস অফিস কর্তৃক। এতে দেখা যায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার ও কোষাধ্যক্ষ আব্দুর রউফ সরকার দু’জনেই ওই নির্মাণ ব্যয়ের ১,০ ৩,৫১,৩৫২ মধ্যে ২৮ লাখ ২০হাজার ৫১৩ টাকা আত্মসাত করেন।

এই মামলাটি রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে রংপুর পিবিআই(পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ফিরোজ কবীর জেলা সমবায় অফিসের দুই অডিট কর্মকর্তা ও বিভাগীয় অডিট এন্ড একাউন্টস অফিস এর দুই তদন্ত কর্মকর্তাসহ ১২জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার ও কোষাধ্যক্ষ অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে আদালতে ৩০ আগস্ট ২০২৫ তারিখ চার্জশিট দাখিল করেন।

এ বিষয়ে জানতে চাইলে উত্তর বাংলা কলেজের সভাপতি ডা. শফিকুল ইসলাম নন্তু বলেন, রংপুর প্রেসক্লাবের টাকা আত্মসাতের মামলায় অধ্যক্ষ আব্দুর রউফ সরকার জেল হাজতে যাওয়ার

বিষয়টি সম্পর্কে আমরা জেনে মঙ্গলবার কলেজের গভর্নিং বডির সভা ডাকা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক অধ্যক্ষ আব্দুর রউফ সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।