গঙ্গাচড়ায় অস্বচ্ছল পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ

2026-04-16 05:27:24

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় জনস্বাস্থ্য উন্নয়ন ও শতভাগ স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে গঙ্গাচড়া ও কোলকোন্দ ইউনিয়নের নির্বাচিত পরিবারগুলোর মধ্যে এ সহায়তা প্রদান করা হয়।

সকালে কোলকোন্দ তাকিয়া শরিফ আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাট্রিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহম্মেদ।

অনুষ্ঠানে মোট ৯০টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ৬টি রিং, ১টি প্যান স্ল্যাব, ১টি কভার স্ল্যাব, ৪টি পিলার, টিনের চাল ও টিনের বেড়া প্রদান করা হয়। এর মাধ্যমে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ল্যাট্রিন বিতরণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা, সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব এবং খোলা স্থানে মলত্যাগের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার উত্তম দাস, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম, কোলকোন্দ তাকিয়া শরিফ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি জানজাবিল বিনতে আহম্মেদ তাঁর বক্তব্যে বলেন,

“সুস্থ ও সবল জাতি গঠনে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার বিকল্প নেই। গ্রামীণ এলাকায় রোগের প্রাদুর্ভাব কমাতে এবং নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ সময় সংস্থার সিনিয়র ম্যানেজার উত্তম দাস জানান, পর্যায়ক্রমে এলাকার সকল অস্বচ্ছল পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে, যাতে গঙ্গাচড়াকে শতভাগ স্যানিটেশনসমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলা যায়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম। সমাপনী বক্তব্যে তিনি ল্যাট্রিনের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে কাজ করে আসছে। ল্যাট্রিন পেয়ে স্থানীয় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের অঙ্গীকার করেছেন।