নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বুধবার উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা গ্রহণ করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে মোট ১,৭২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১,২৭১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ৪৪৯ জন। এতে উপস্থিতির হার দাঁড়িয়েছে প্রায় ৭৪ শতাংশ।
কেন্দ্রভিত্তিক তথ্যে দেখা যায়—
গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯৮ জন উপস্থিত এবং ২০১ জন অনুপস্থিত ছিল।
গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২২ জন উপস্থিত এবং ১০২ জন অনুপস্থিত ছিল।
অপরদিকে হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫১ জন উপস্থিত এবং ১৪৬ জন অনুপস্থিত ছিল।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ বলেন,
“পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সকল কেন্দ্রেই প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সুন্দরভাবে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ সন্তোষজনক এবং ভবিষ্যতে উপস্থিতি আরও বাড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিকভাবে পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।