রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

2026-04-20 01:06:49

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

নির্মাণাধীন একটি ভবনের ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রীকান্ত রায় (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার সংলগ্ন পাটিহাটি এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীকান্ত রায় ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্ধুনা কোনপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীকান্ত নির্মাণাধীন ভবনের ছাদের শাটারিং খুলছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি সেফটি ট্যাংকে পড়ে যান। ট্যাংকের ভেতরে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক নিতাই জানান, নিহতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তাদের কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।