ডোমারে যৌথ অভিযানে ৪ জনকে কারাদণ্ড, ২টি ট্রাক্টর জব্দ

2026-04-23 03:55:59

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: 

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোঁসাইগঞ্জ বন বিভাগের সংরক্ষিত এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরের দিকে গোঁসাইগঞ্জ পাবনাপাড়া চিলাহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন নীলফামারীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন। পুলিশ, র‍্যাব, বিজিবি ও বন বিভাগের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইটি ট্রাক্টর ও একটি ট্রাক্টরের বডিসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বিওপি বাজার এলাকার কাচু বাউয়ের পুত্র বাচ্চা বাউ, গোঁসাইগঞ্জ পাবনাপাড়া এলাকার বাবুল হোসেনের পুত্র শহিদুল ইসলাম এবং চিলাহাটি মুন্সিপাড়া এলাকার আব্দুল হকের পুত্র মনজুরুল ইসলাম। এদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একই এলাকার সমর উদ্দিনের পুত্র হেলাল কে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে জব্দকৃত দুটি ট্রাক্টর ও একটি ট্রাক্টরের বডি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। অভিযানে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র, র‍্যাব-১৩ নীলফামারী এবং ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন। এছাড়া ডোমার উপজেলা প্রশাসন ও গোঁসাইগঞ্জ বন বিভাগের কর্মকর্তারা সহযোগিতা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন জানান, সংরক্ষিত বনাঞ্চলে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিল। পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।