নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলায় যানবাহনে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্ব স্ব উপজেলা থেকে যানবাহন মালিকদের কাছে এই কার্ড সরবরাহ করা হচ্ছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্বে ২০ জন যানবাহন মালিকের হাতে ফুয়েল কার্ড তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, গত ১৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ডের জন্য আবেদন গ্রহণ শুরু হয়। প্রথম দিনের ৫২৬ জন আবেদনকারীর মাঝে বুধবার এই কার্ড বিতরণ করা হবে। তিনি আরও জানান, মোটরসাইকেলের জন্য মাসে ২০ লিটার এবং কার ও মাইক্রোবাসের জন্য মাসে ৫০ লিটার জ্বালানি বরাদ্দ রাখা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জ্বালানি মজুদ রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার ৩৮টি পেট্রল পাম্পে ফুয়েল কার্ড ছাড়া কেউ জ্বালানি সংগ্রহ করতে পারবেন না বলেও তিনি স্পষ্ট করেন।
জেলা প্রশাসক আরও জানান, ফিলিং স্টেশনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে জ্বালানি সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে।