৩০ ফাল্গুন, ১৪৩২ - ১৪ মার্চ, ২০২৬ - 14 March, 2026

নিয়ম না মেনেই ভিজিএফ তালিকা অনুমোদনের অভিযোগ

1 hour ago
60


কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওয়ার্ড কমিটির প্রস্তুতকৃত তালিকা ছাড়াই চেয়ারম্যানের একক তালিকা অনুমোদন, ডিও প্রদান ও ভিজিএফ চাল বিতরণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্যগণ। শনিবার (১৪ মার্চ) দুপুরে বাহাগিলী ইউনিয়ন পরিষদ চত্বরে তারা এ সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা জানান, মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ও মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরখাস্তকৃত বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টনকে ভিজিএফ চালের ডিও প্রদান, ওয়ার্ড কমিটির প্রস্তুতকৃত তালিকা ছাড়াই ওই চেয়ারম্যানের একক তালিকা অনুমোদন ও ভিজিএফ চাল বিতরণ প্রক্রিয়ার প্রতিবাদে আমরা আপনাদের নিয়ে সংবাদ সম্মেলন করছি। তারা জানান, কিশোরগঞ্জ উপজেলায় ভিজিএফ তালিকা ও বিতরণে সরকারি নীতিমালা ও বাংলাদেশ সরকারের আইন চরমভাবে লংঘন করা হয়েছে। নীতিমালায় যেখানে ওয়ার্ড কমিটি কর্তৃক তালিকা প্রস্তুত ও ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই বাছাই পূর্বক অনুমোদনের জন্য উপজেলা কমিটিকে প্রেরণের কথা বলা আছে। সেখানে ওয়ার্ড কমিটির কোন কার্যক্রম ছাড়াই ইউপি চেয়ারম্যান নিজেই তালিকা প্রস্তুত করে এবং চেয়ারম্যানদের ডেকে নিয়ে ওই তালিকা অনুমোদন করা হয়েছে বলেও জানতে পেরেছি। মহামান্য সুপ্রিম কোটের রায়ে বরখাস্তকৃত চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টন একক সিদ্ধান্তে গোপনে তালিকা করেছেন, ওই তালিকাই নেই ওয়ার্ড কমিটির স্বাক্ষর। সে তালিকার অনুমোদনও একটি আইন লংঘন। এছাড়াও অভিযোগ করা হয়, অফিস বন্ধের আগের দিন বৃহস্পতিবার গোপনে ডিও লেটার প্রদান, শুক্রবার তড়িঘরি করে চাল উত্তোলন করা, যাতে কোন জবাবদিহিতা ও তদারকি করা সম্ভব না হয়। সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা নীতিমালা অনুযায়ী ওয়ার্ড কমিটির প্রকাশ্য তালিকার মাধ্যমে হতদরিদ্র ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তার ভিজিএফের চাল বিতরণের দাবী জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ডাবলু হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যগণ।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, শুধু বাহাগিলী ইউনিয়ন নয় উপজেলার ৯ টি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণের ক্ষেত্রে নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। একটি ইউনিয়নেরও তালিকা প্রকাশ্য ওয়ার্ড কমিটির মাধ্যমে করা হয়নি। চেয়ারম্যানরা যে তালিকা দিয়েছে তা অনুমোদন দিয়ে নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান জানান, নীতিমালা অনুযায়ী ওয়ার্ড কমিটি তালিকা প্রস্তুত করে ইউনিয়ন কমিটিকে দিবে, ইউনিয়ন কমিটি সে তালিকা যাচাই বাছাই পূর্বক অনুমোদনের জন্য উপজেলা কমিটিকে দিলে তা অনুমোদন করা হয়। নীতিমালার বাহিরে কোন কাজ হলে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মহামান্য আদালতের কপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাওয়া হয়নি বলেও এ কর্মকর্তা জানান।#

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth