রাজারহাটে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মামলা
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাটে মাদ্রাসায় এক হুজুর ১০ বছরের শিশু শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও বলাৎকার করার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের বাছড়া বালাটারী তালিমুল কুরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায়। ঘটনার পর থেকে অভিযুক্ত হাফেজ পলাতক রয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, নাজিমখান ইউনিয়নের বাছড়া বালাটারী তালিমুল কুরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় গভীর রাতে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ রাকিবুল ইসলাম ১০ বছরের শিশু শিক্ষার্থী হাফেজ পড়ুয়া মোজাহেদুল ইসলামকে শারীরিক নির্যাতন ও বলাৎকার করে। পরে নির্যাতিত শিশুটি মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে বিচার দিলে মাদ্রাসা পরিচালক হাফেজ মোঃ আব্দুল্লাহ ইবনে সাঈদ (তারা) নির্যাতন ও বলাৎকারের বিষয়টা ধামাচাপা দেয়ার চেষ্টা করে এবং নিজে সহ উক্ত প্রতিষ্ঠানের কমিটি তড়িঘড়ি করে রাতের মধ্যে ধর্ষক হাফেজ মোঃ রাকিবুল ইসলামকে প্রতিষ্ঠান থেকে বিদায় করে দেয়। পরবর্তীতে হাফেজ মোঃ আব্দুল্লাহ ইবনে সাঈদ (তারা) তিনিও প্রতিষ্ঠান থেকে রহস্যময় কারণে পদত্যাগ করে চলে যান। হাফেজ মোঃ আব্দুল্লাহ ইবনে সাঈদ (তারা)ও এর আগে অন্য প্রতিষ্ঠানসহ অত্র প্রতিষ্ঠানে এ ধরনের শিশু নির্যাতনের ঘটনা ঘটিয়েছেন বলে এলাকাবাসীরা অভিযোগ করেন। বর্তমানে এ ঘটনায় মাদ্রাসা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বলাৎকারের শিকার ভূক্তভোগী হাফেজ পড়ুয়া মোজাহেদুল ইসলাম(১০) উপজেলার উমর মজিদ ইউনিয়নের বালাকান্দি সরকার পাড়া গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে।
ভুক্তভোগীর পরিবার এই নেক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি জানান।
রবিবার(১মার্চ) রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা নেয়া হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।