৮ বৈশাখ, ১৪৩৩ - ২২ এপ্রিল, ২০২৬ - 22 April, 2026

লালমনিরহাটে ৪টি অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

1 day ago
97


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে ডিবি পুলিশের বিশেষ অভিযানে চারটি চোরাই অটো ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

দুপুরে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি আজ(সোমবার) দুপুরে নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার রতিপুর এলাকার ধনী মাহমুদের ছেলে মোঃ শাহজামাল (২৭) এবং একই এলাকার সাইদুর মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া ওরফে খোকন (১৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল জানতে পারে যে, গোকুন্ডা ইউনিয়ন পরিষদের পাশে রিয়াদ অটো সেন্টার নামক একটি গ্যারেজে চোরাই ইজিবাইক কেনাবেচা হচ্ছে। পরে সেখানে হানা দিয়ে হাতেনাতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে ডিবি। অভিযানে গ্যারেজটি থেকে ৪টি পুরাতন অটো ইজিবাইক এবং বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তারা বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি করে এনে এই গ্যারেজের মাধ্যমে বিক্রি করত। তাদের বিরুদ্ধে লালমনিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, এই চক্রের সাথে আরও যারা জড়িত রয়েছে, তাদের আইনের আওতায় আনতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth