গঙ্গাচড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে)-এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ‘পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুবেল হুসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সজিবুল করিম, প্রকল্প সমন্বয়কারী মো. শামসুর রহমান, প্রোগ্রাম অফিসার (লাইভলিহুড) মো. আসাদুজ্জামান, কারিগরি কর্মকর্তা (কমিউনিটি মোবিলাইজেশন) মো. জিয়াউর রহমান, ফিল্ড সুপারভাইজার মৌসুমী আক্তার, সহকারী কারিগরি কর্মকর্তা আব্দুল কাইয়ুম, রাহেনা খাতুন ও রেশমা আক্তারসহ অন্যান্যরা।
প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল ও যোগাযোগ সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে গঙ্গাচড়া ও আলমবিদিতর ইউনিয়নের মোট ১৮ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ৪টি হুইল চেয়ার, ১১টি হেয়ারিং এইড, ১ জোড়া অক্সিলারি ক্র্যাচ, ১টি এলবো ক্র্যাচ এবং ২টি চারখুঁটি লাঠি। পাশাপাশি উপকারভোগীদের মাঝে ৪ ধরনের সবজি বীজের প্যাকেটও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।