১৬ বৈশাখ, ১৪৩৩ - ২৯ এপ্রিল, ২০২৬ - 29 April, 2026

গঙ্গাচড়ায় জেলা প্রশাসকের ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন

13 hours ago
163


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় জেলা প্রশাসক বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন প্রকল্প ও সেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক একটি ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে তিনি ভূমি সংক্রান্ত সেবার মান, নথিপত্র সংরক্ষণ পদ্ধতি এবং সাধারণ জনগণের সেবা প্রদানের বাস্তব চিত্র সম্পর্কে খোঁজখবর নেন। এরপর তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এবং উপজেলা পর্যায়ের ইনোভেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

দুপুরের দিকে জেলা প্রশাসক উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এর মধ্যে আশ্রয়ন প্রকল্প, এলজিইডি’র অধীনে বাস্তবায়িত অবকাঠামো উন্নয়ন কাজ এবং টিআর/কাবিখা প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে তিনি কাজের গুণগত মান ও বাস্তবায়ন পরিস্থিতি যাচাই করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এছাড়া উপজেলা ভূমি অফিস পরিদর্শনের মাধ্যমে ভূমি সেবার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন তিনি। দিনের শেষ ভাগে গঙ্গাচড়া সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শনের মধ্য দিয়ে তার দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।

জেলা প্রশাসকের এ সফরকে স্থানীয়রা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তাদের মতে, মাঠপর্যায়ে এমন নিয়মিত পরিদর্শন সরকারি সেবার মানোন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রমে গতি আনতে কার্যকর ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টদের অভিমত, এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকলে প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth