১৪ ফাল্গুন, ১৪৩২ - ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ - 27 February, 2026

পীরগঞ্জে আগাছা নাশক প্রয়োগে  প্রতিবন্ধী কৃষকের গমক্ষেত নষ্টের অভিযোগ

7 hours ago
35


পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্বশত্রুতার জেরে বিষাক্ত আগাছা নাশক ছিটিয়ে এক প্রতিবন্ধী কৃষকের এক বিঘা গমক্ষেতে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কাঞ্চন ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আইনুল হকের অভিযোগ, ধারদেনা করে নিজের ৩১ শতক জমিতে গমের আবাদ করেছিলেন তিনি। আবাদও বেশ ভালো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে ক্ষেতে গিয়ে দেখতে পান, সবুজ গমক্ষেত হলুদ হয়ে শুকিয়ে গেছে। তিনি আক্ষেপ করে বলেন, "আমার তো চলার মতো অন্য কোনো পথ নেই। এই গমক্ষেতই ছিল একমাত্র আয়ের উৎস। রাতের আঁধারে কারা বিষ দিয়ে আমার সব শেষ করে দিল, আমি এর বিচার চাই।"স্থানীয় বাসিন্দারা আহসান হাবীব জানান, ফসল নষ্ট করার মতো এমন অমানবিক কাজ মেনে নেওয়া যায় না। একজন প্রতিবন্ধী মানুষের ওপর এমন অত্যাচার অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান জানান, অভিযোগ পেলে মাঠ পর্যায়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম জানান, ফসল নষ্টের বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth