কুড়িগ্রামে ৩ গুদাম থেকে সরকারি চাল জব্দ, ব্যবসায়ীরা পলাতক
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে সরকারি চাল মজুদের অভিযোগে তিনটি গুদাম থেকে বিপুল পরিমাণ চাল জব্দ করেছে পুলিশ।১৮ ই মার্চ বুধবার সন্ধ্যায় ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশেম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যায়, বলদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রায় ১০০ গজ দূরে কাশেম বাজারে কয়েকটি গুদামে দীর্ঘদিন ধরে সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখা হচ্ছে—এমন অভিযোগে স্থানীয় জনতা বুধবার ইফতারের পর সন্দেহজনক তিনটি গুদামে অভিযান চালায়। এ সময় তারা বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পেয়ে তা আটক করে এবং তাৎক্ষণিকভাবে কচাকাটা থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট চাল ব্যবসায়ীরা গা ঢাকা দেয়। পরে ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসীর মামুন মুন, কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সঙ্গীয় টহল দল ঘটনাস্থলে পৌঁছে গুদামগুলোর তালা ভেঙে অভিযান চালায়। এ সময় তিনটি গুদাম থেকে বিপুল পরিমাণ চালের বস্তা দেখতে পায়।
পুলিশ জানায়, জব্দকৃত চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি বা ভিজিডি/ভিজিএফ-এর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে চালের উৎস, প্রকৃত মালিকানা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসীর মামুন মুন বলেন, “সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে গুদামগুলোতে অভিযান চালিয়ে চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।