গরম বাড়তেই গঙ্গাচড়ায় গবাদিপশুর রোগ বৃদ্ধি, ভিড় বাড়ছে প্রাণিসম্পদ হাসপাতালে
নির্মল রায়:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গরু ও ছাগলের বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। বিশেষ করে জ্বর, সর্দি ও শ্বাসজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছে অধিকাংশ গবাদিপশু। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার খামারি ও পশুপালকরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালে গরু নিয়ে আসা কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা রহমত আলী বলেন, “হঠাৎ করেই আমার গরুর জ্বর ও সর্দি দেখা দিয়েছে। খাওয়া-দাওয়া কমে গেছে, তাই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছি।”
একইদিনে গজঘণ্টা ইউনিয়নের রাজবল্লভ এলাকা থেকে ছাগল নিয়ে আসা রহিমা বেগম বলেন, “এখন প্রায় সব ছাগলেরই জ্বর-সর্দি হচ্ছে। হঠাৎ আবহাওয়ার গরম বাড়ার কারণে এমনটা হচ্ছে বলে মনে হচ্ছে।”
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন (ভিএস) ডাঃ ইউসুফ আলী সরকার বলেন, “তাপমাত্রা বৃদ্ধির কারণে গবাদিপশুর মধ্যে ভাইরাসজনিত জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেছে। খামারিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, পশুকে ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে রাখা এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করার পরামর্শ দেওয়া হচ্ছে।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান বলেন, “বর্তমানে প্রতিদিনই প্রচুর সংখ্যক খামারি তাদের অসুস্থ পশু নিয়ে হাসপাতালে আসছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত চিকিৎসা সেবা দিতে। পাশাপাশি খামারিদের সচেতন হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে।”
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে প্রায় ৩০০ জন ছোট খামারি ও পশুপালক তাদের গবাদিপশুর চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে আসছেন। গরমের এই সময়ে রোগের প্রকোপ বাড়ায় চিকিৎসা সেবা নিতে আসা মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।