নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২২ ঘন্টা পর মরদেহ উদ্ধার
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলনের পয়েন্টে গোসল করতে নেমে ইসাহাক আলী (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন। গতকাল বুধবার ২২ এপ্রিল দুপুরে কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার ২২ ঘণ্টা পর স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীর পশ্চিম পাশে অবস্থিত একটি অবৈধ বালু উত্তোলন পয়েন্টের গভীর অংশে গোসল করতে নেমে হঠাৎ তলিয়ে যান ইসাহাক আলী।ঘটনাস্থলে তার ব্যবহৃত লুঙ্গি, গামছা, শার্ট ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা গেছে, যা নিখোঁজের ঘটনাকে আরও রহস্যজনক করে তুলেছে।
নিখোঁজ ব্যক্তির ভাতিজা শফিকুল ইসলাম জানান, খেয়াঘাটের এক মাঝি প্রথমে চাচার তলিয়ে যাওয়ার বিষয়টি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে আমরা দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করি।
খবর পেয়ে রংপুর ও বদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। বৃহস্পতিবার সকাল থেকে ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দুপুরে ইসহাক আলীর মরদেহ উদ্ধার হয়।
বদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দলনেতা আবু মোতালেব বলেন, “৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় চার ঘন্টা নদীতে ডুবুরি দিয়ে অভিযান চালিয়ে নিখোঁজ ব্যক্তিকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, যমুনেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশে গভীর খাদ সৃষ্টি হয়েছে, যা এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। দ্রুত নদীতে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, “ঘটনাটি আমরা সকালে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করছে।