রাকসু নির্বাচনে গেমস সেক্রেটারি পদে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে চান বিজয়
রাবি সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে গেমস অ্যান্ড স্পোর্টস সেক্রেটারি পদে লড়াইয়ে নামছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ইয়াসিন আরাফাত বিজয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন।
বিজয় বলেন, “রাকসু কেবল ছাত্র সংসদ নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন, সংগ্রাম ও অধিকার আদায়ের মঞ্চ। কিন্তু দীর্ঘদিন শিক্ষার্থীদের এই প্রকৃত কণ্ঠস্বরকে স্তব্ধ করে রাখা হয়েছিল। এখন সময় এসেছে পরিবর্তনের।”
তিনি অভিযোগ করে বলেন, ক্যাম্পাসে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলোর সিট দখল, সিট বাণিজ্য, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। ভিন্ন মতাদর্শের শিক্ষার্থীদের ওপর চলে অমানবিক নির্যাতন।
বিজয় মনে করেন, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনই ক্যাম্পাসে সুস্থ রাজনীতি ফিরিয়ে আনার একমাত্র পথ, নির্বাচনী ইশতেহারে বিজয়ের অঙ্গীকার, সাধারণ ও আবাসিক শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ নিশ্চিত, মেয়েদের অংশগ্রহণ ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, দ্রুত মেয়েদের জিমনেসিয়াম চালু, মাঠ, জিমনেসিয়াম ও খেলাধুলার সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণ, আধুনিক গেমসের পাশাপাশি হাডুডু ও কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলার পুনর্জাগরণ, প্রতিবছর "রাজশাহী বিশ্ববিদ্যালয় বার্ষিক গেমস ফেস্ট" আয়োজন
তিনি বলেন, “গেমস অ্যান্ড স্পোর্টস সেক্রেটারি হিসেবে আমার প্রতিটি পদক্ষেপ হবে শিক্ষার্থীদের কণ্ঠের প্রতিফলন। গবেষণাধর্মী স্পোর্টস নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
উল্লেখ্য, এর আগে বিজয় বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম সংস্কারে উপাচার্যের কাছে ১০ দফা দাবি উত্থাপন করেছিলেন, যার মধ্যে ৪ দফা বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।