কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় (প্যান্ট পিস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মাঝিপাড়া ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় টহলদল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে রাখা ১ হাজারটি ভারতীয় প্যান্ট পিস জব্দ করতে সক্ষম হয়।
তবে অভিযানের সময় চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।