গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে ছাহেরা বানু (৫৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মৃত ছাহেরা বানু উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানা পুকুর চৌধুরীপাড়া (দোলাপাড়া) গ্রামের বাসিন্দা সাহেব আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে ছাহেরা বানু প্রতিবেশী মরিয়ম বেগমের মাধ্যমে পার্শ্ববর্তী বাজার থেকে আপেল, কমলাসহ বিভিন্ন ফল আনান। পরে দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তিনি তার দুই নাতনী শাহাজাদী খাতুন (৮) ও স্নেহা খাতুন (৬)-এর হাতে ফল দিয়ে বাইরে গিয়ে খেতে বলেন এবং তাদের বাড়ির বাইরে পাঠিয়ে দেন।
দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে দুই নাতনী ঘরে ফিরে এসে তাদের নানিকে ডাকাডাকি করে। ঘরের দরজা বন্ধ পেয়ে তারা টিনের দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে দরজা ভেঙে তাকে ঘরের বাঁশের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পান।
ধারণা করা হচ্ছে, দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে সবার অজান্তে তিনি আত্মহত্যা করেন।
ঘটনার সময় তার স্বামী মোঃ সাহেব আলী সকাল আনুমানিক ৭টার দিকে পার্শ্ববর্তী এলাকায় নির্মাণ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”