২০ ফাল্গুন, ১৪৩২ - ০৪ মার্চ, ২০২৬ - 04 March, 2026

বিকেএসপি ফুটবল দলের জাপান সফরের সফলতায় সৈয়দপুরে ইফতার ও দোয়া মাহফিল

2 hours ago
22


সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

রমজানের স্নিগ্ধ বিকেলে সৈয়দপুর স্টেডিয়াম প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। এক তরুণ স্বপ্নবাজকে ঘিরে আয়োজন—তার নাম মারুফ আহমেদ লুমান। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত এ মাহফিলে স্থানীয় সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ, সংগঠক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক ফুটবলার মোকছেদ আলীর বড় ছেলে লুমান এবার পাড়ি জমাচ্ছেন জাপান-এ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের হয়ে তিনি অংশ নেবেন একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে, যেখানে স্বাগতিক জাপানসহ বিভিন্ন দেশের দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ছোট শহরের মাঠ থেকে উঠে আসা এই তরুণের পায়ে আজ জড়িয়ে আছে এক শহরের স্বপ্ন ও প্রত্যাশা।

ইফতারের আগে বিশেষ মোনাজাতে লুমানের সফলতা, নিরাপদ সফর এবং দেশের জন্য গৌরব বয়ে আনার প্রার্থনা করা হয় মহান রাব্বুল আলামিনের দরবারে। প্রবীণ খেলোয়াড়দের স্মৃতিচারণ ও তরুণদের উচ্ছ্বাসে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।

সৈয়দপুর সোনালী অতীতের সাধারণ সম্পাদক মেননের সঞ্চালনায় এবং আব্দুল হান্নানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সৈয়দপুর প্রেসক্লাব-এর আহ্বায়ক শওকত হায়াত শাহসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে শুভকামনা জানান।

সন্ধ্যা ঘনালে স্টেডিয়ামের আলো জ্বলে ওঠে, আর সেই আলোর মতোই উজ্জ্বল হয়ে ওঠে এক স্বপ্ন। জাপানের মাঠে যখন বল গড়াবে, হাজার মাইল দূরে থেকেও সৈয়দপুর অনুভব করবে—তাদেরই এক সন্তান লাল-সবুজের গর্ব বুকে নিয়ে ছুটে চলছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth