গঙ্গাচড়ায় সঃ প্রাঃ বিদ্যালয়গুলোতে মাতৃভাষা দিবস পালনে অবহেলা: তদারকির অভাবে শিক্ষার মান নিয়েও প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়নি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা থাকলেও অধিকাংশ বিদ্যালয়ে এসব আয়োজন দেখা যায়নি।
শনিবার (২১ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের পাকুরিয়া শরীফ বালক ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুরিয়া শরীফ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতগাড়ী ইউনিয়নের চান্দামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বেশিরভাগ বিদ্যালয়ে ছিল না উল্লেখযোগ্য কোনো কর্মসূচি। অনেক বিদ্যালয়ে শুধু জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল তুলনামূলক কম।
এ বিষয়ে পাকুরিয়া শরীফ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন বলেন, অনুষ্ঠান আয়োজনের জন্য কোনো বরাদ্দ না থাকায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি পালন করা সম্ভব হয়নি।
অন্যদিকে উপজেলা শিক্ষা অফিসার শায়লা সাঈদ ও সহকারী শিক্ষা অফিসার নাসরিন বেগম জানান, বিদ্যালয়গুলোকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। কেন তারা উদ্যোগ নেয়নি, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা।
এছাড়া বেশ কিছু অভিভাবক উপজেলা শিক্ষা অফিসের সঠিক তদারকির অভাবে প্রাথমিক শিক্ষার মান ধীরে ধীরে নেমে যাচ্ছে বলে অভিযোগ করেন। তাদের মতে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ অন্যান্য জাতীয় দিবসও যথাযথভাবে পালন করছে না অনেক বিদ্যালয়। এতে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা গড়ে ওঠা বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য উপজেলা শিক্ষা অফিসের আরও কার্যকর তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।