৩ বৈশাখ, ১৪৩৩ - ১৬ এপ্রিল, ২০২৬ - 16 April, 2026

প্রাচীর দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল পেট্রল, গ্রেপ্তার ৩

7 hours ago
54


নিজস্ব প্রতিবেদক:

বাড়ির চারদিকে দেয়াল। বাইরে থেকে ভেতরে কী রয়েছে বোঝার উপায় নেই। সেই বাড়িতেই লুকিয়ে রাখা হয়েছিল ১ হাজার ২০০ লিটার পেট্রল। এসব পেট্রল বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। তবে খবর পেয়ে এসব পেট্রল জব্দ করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নোয়াখালীর জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, একই এলাকার চাপরাশি বাড়ির মো. শাহজাহানের ছেলে মো. মুসফিকুর রহমান (১৯), মানিক হুজুর বাড়ির জালাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২৬) ও নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুসূদনপুর এলাকার পণ্ডিত বাড়ির মৃত ফজলুল হকের ছেলে মো. মঞ্জুর আলম (৫৩)।

গোয়েন্দা পুলিশ জানায়, তারা ওই বাড়িতে অবৈধ পেট্রল মজুতের তথ্য পেয়েছিল। পরে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির ভেতর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার করা হয়। এসব পেট্রল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও উদ্ধার করা হয়েছে।

জানতে চাইলে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে পেট্রল মজুত করে বিক্রি করছিলেন। এ ঘটনায় সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth