রংপুরে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে তৎপরতা; দ্রুত জমি অধিগ্রহণের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক:
রংপুরবাসীর দীর্ঘ প্রতীক্ষিত ‘বিভাগীয় স্টেডিয়াম’ নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। প্রকল্পের জমি অধিগ্রহণ, সীমানা প্রাচীর নির্মাণ ও মাট ভরাটের প্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে বিভাগীয় ক্রীড়া সংস্থা।
সোমবার (৯ মার্চ) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা শেষে এসব তথ্য জানান বিভাগীয় কমিশনার ও সংস্থার আহ্বায়ক মো. শহিদুল ইসলাম।
প্রকল্পের বর্তমান অগ্রগতি ও পরিকল্পনা
সভায় জানানো হয়, রংপুর নগরীর দেবিপুর মৌজায় ১৫ একর জমির ওপর এই পুর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্সটি নির্মিত হতে যাচ্ছে। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিভাগীয় কমিশনার বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করে সাইট নির্বাচনের কাজ সম্পন্ন করেছে।
বর্তমানে প্রকল্পের দৃশ্যমান তদন্ত (Feasibility Study), জমি অধিগ্রহণ এবং প্রশাসনিক অনুমোদনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ ও নিচু জমি ভরাটের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে নিবিড় যোগাযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রীড়াঙ্গনে নতুন গতি আনার উদ্যোগ
স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি রংপুরের ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। যার মধ্যে রয়েছে, "বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা।, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া সংস্থাগুলোর কার্যক্রমের হালনাগাদ তথ্য সংগ্রহ করা। কৃতি খেলোয়াড় ও চ্যাম্পিয়নদের সংবর্ধনা প্রদান এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার স্থায়ী অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া।
বিভাগীয় কমিশনার-মো. শহিদুল ইসলাম,
এই প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগ একটি পূর্ণাঙ্গ ও আধুনিক ক্রীড়া কমপ্লেক্স পাবে, যা এই অঞ্চলের ক্রীড়াবিদদের দীর্ঘদিনের দাবি।
সভায় বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সামসুজ্জামান সামু, মির্জা ফয়সাল আমিন, শামীম খান মিসকিন, সরকার মাজহারুল মান্নান, তারেক আহমেদ রুবেন, মো. হাসানুজ্জামান, আবু বক্কর সিদ্দিক শিলু, এরশাদ হোসেন এবং সাজ্জাদ হোসেন পৃথিবী উপস্থিত ছিলেন। এছাড়া সংস্কার বিভাগীয় সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ফারুক সভায় প্রয়োজনীয় তথ্যাদি উপস্থাপন করেন।