১০ ফাল্গুন, ১৪৩২ - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ - 23 February, 2026

ক্লিন রংপুর সিটি গড়তে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন- এমপি বেলাল

9 hours ago
10


নিজস্ব প্রতিবেদক:

রংপুরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখা। কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর ১২টায় রংপুর সদর হাসপাতাল এলাকার শিশু হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান বেলাল। এ সময় তিনি বলেন, “রংপুর সিটির সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। একটি আধুনিক ও সুস্থ নগরী গড়ে তুলতে শুধু কোনো একটি সংগঠন নয়, বরং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মন-মানসিকতা ও স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। তাই রংপুরকে একটি দৃষ্টিনন্দন, স্বাস্থ্যসম্মত ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করতে আমাদের এই কার্যক্রম চলমান রাখতে হবে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, সেক্রেটারি শাহানত মিয়া, রংপুর মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মন্ডলসহ ফেডারেশনের মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, হাসপাতাল এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচারণামূলক কার্যক্রমও চালানো হবে।

রংপুরবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নগরীকে পরিষ্কার রাখতে সকলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth