গঙ্গাচড়ায় জমি বিরোধে গাছ কাটা, হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার পশ্চিম খাপড়িখাল মুন্সিপাড়া (বেতগাড়ী) এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাছ কাটা, হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শামসুল হক (৫৩) গঙ্গাচড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস ও ভোগদখল করে আসছেন শামসুল হক। তার বসতভিটার সীমানার ভেতরে প্রতিবেশী ওবায়দুল কাদেরের কয়েকটি গাছ ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় প্রায় আট মাস আগে গাছগুলো কেটে নেওয়া হলেও গাছের গোড়াগুলো অপসারণ করা হয়নি।
ভুক্তভোগীর অভিযোগ, পাকা বসতবাড়ি নির্মাণের লক্ষ্যে একাধিকবার গাছের গোড়া সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলেও বিবাদী পক্ষ তা এড়িয়ে যায়। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারী ২০২৬, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ বিষয় নিয়ে কথা বলতে গেলে ভুক্তভোগীর স্ত্রী বাচ্চামাইকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।
একপর্যায়ে বিবাদীরা লাঠি, দা, কুড়াল ও লোহার রড নিয়ে হামলার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর বসতভিটার ভেতরে থাকা একটি আমগাছ, একটি কাঁঠালগাছ, একটি জলপাইগাছ এবং চারটি সুপারি গাছ কেটে ফেলা হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ঘটনার সময় চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে বিবাদীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে বলা হয়। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে বিবাদী ওবায়দুল কাদেরের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।