১০ ফাল্গুন, ১৪৩২ - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ - 23 February, 2026

ভাইদের মঙ্গল কামনায় রাজারহাটে শতাধিক শনিদেবের পূজা

8 hours ago
22


প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):    

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার অর্ধশতাধিক গ্রামে ভাইদের মঙ্গল কামনায় কমপক্ষে শতাধিক শনিদেবের পূজা অনুষ্ঠিত হয়েছে। ভাইদের মঙ্গল কামনায় বোনরা এ পূজা করেন। এসময় এলাকাবাসীসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

শনিবার(২১ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক দাসপাড়া গ্রামসহ ওই ইউনিয়নের প্রায় ২০টিগ্রামে, উমরমিজদ ইউনিয়নের ঘুমারুভীমশীতলাগ্রামসহ প্রায় ১২টি গ্রামে, নাজিমখান ইউনিয়নের সোমনারায়নগ্রামসহ প্রায় ১৫টি গ্রামে, বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রামসহ প্রায় ৭টি গ্রামে, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামসহ প্রায় ২০টি গ্রামে, রাজারহাটসদর ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা গ্রামসহ প্রায় ১৫টি গ্রামে ও ছিনাই ইউনিয়নের বৈদ্যেরবাজার গ্রামসহ প্রায় ২০টি গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় প্রায় শতাধিক শনিদেবের পূজা করেছে সনাতন ধর্মাবলম্বী  হিন্দু বোনরা।

চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামের মালতী রানী, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের অঞ্জলী রানী, রাজারহাট সদর ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা গ্রামের বাসন্তী রানীসহ বেশ কয়েকজন বলেন,‘ভাইদের মঙ্গলের জন্য শনিদেবের পূজা করছি। উল্লেখ আছে, সম্প্রতি শনিদেবের স্বপ্নে দেখানো নির্দেশনা অনুযায়ী এই পূজা অনুষ্ঠিত হয়েছে। শুধু আমরা না অত্র অঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন গ্রামে এমন পূজার দৃষ্টান্ত দেখা যাচ্ছে।’

 এ ব্যাপারে সনাতন ধর্মাবলম্বী গৃহবধুরা বলেন, ‘গ্রামে ঘুরে ভিক্ষা করে পাওয়া অর্থ ও চাল দিয়েই এই পূজা সম্পন্ন করা হয়। আর বোনরা তাদের ভাইদের কাছ থেকে নতুন শাড়ী কাপড় নিয়ে পরিধান করে শনিদেবের সামনে পূজায় বসে আঁচল পেতে ভাইদের মঙ্গল কামনা করেন। এলাকায় অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে এই পূজা দেখে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তারা আরও বলেন, পূজার মাধ্যমে তাদের ভাইদের মঙ্গল সাধিত হবে এবং এমন পূজার মাধ্যমে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও ভক্তিকে আরো বেশি জাগ্রত করবে।’

শাস্ত্রে আছে, শনি সনাতন হিন্দু ধর্মের একজন দেবতা যিনি সূর্যদেব ও তার পত্নী ছায়াদেবীর (সূর্যদেবের স্ত্রী ও দেব বিশ্বকর্মার কন্যা দেবী সংজ্ঞার ছায়া থেকে সৃষ্ট দেবী ছায়া) পুত্র, এজন্য তাকে ছায়াপুত্র-ও বলা হয়।

শনিদেব মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা যমদেব বা ধর্মরাজ ও পবিত্র শ্রী যমুনা দেবীর অনুজ ভ্রাতা। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে একদিন শনির ধ্যানের সময়, তার স্ত্রী দেবী ধামিনী সুন্দর বেশভূষা নিয়ে তার সামনে এলে ধ্যানমগ্ন শনিদেব সেদিকে খেয়াল না করাতে পত্নী ধামিনী বা মন্দা শনিদেবকে অভিশাপ দিলেন, আমার দিকে তুমি ফিরেও চাইলে না! এরপর থেকে যার দিকে চাইবে, সে-ই ভস্ম হয়ে যাবে।

 এ বিষয়ে ফুলখাঁর চাকলা ব্রাক্ষণ পাড়ার শাস্ত্রীক ব্রাক্ষণ স্বর্ণকমল মিশ্র বলেন,‘শনিবারে শনিদেবের পূজা করা শুভ। প্রতি শনিবার এই পূজায় মিলবে শনিদেবের কৃপা, আসে সাফল্য। অনেক বাঙালি বাড়িতে শনিদেবের পূজা করা হয় না, কারণ অনেকে শনিদেবকে ভয় করেন। জ্যোতিষশাস্ত্র মতে কারোর কুষ্ঠিতে শনিদেবের প্রবেশ ঘটলে সাড়ে সাত বছর ধরে জীবনের নানাবিদ খারাপ ঘটনা ঘটার আশঙ্কা বেড়ে যায়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, হিন্দুদের পুজার বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কোথাও আইনশৃঙ্খলা বিঘ্নের কোন ঘটনার খবর পাইনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth